অবশেষে বৃদ্ধা মর্জিনা বেওয়ার ঠাঁই হলো সন্তানের ঘরে

সিংড়া (নাটোর) সংবাদদাতা

ছেলেদের অবহেলার শিকার সিংড়ার ষাটোর্ধ্ব বৃদ্ধা মর্জিনা বেওয়ার অবশেষে ঠাঁই হয়েছে সন্তানের ঘরে। সিংড়া থানার ওসি মনিরুল ইসলামের সহযোগিতায় রাস্তার ওই বৃদ্ধার দায়িত্ব নিলেন তার ছেলে মহাব্বত প্রামাণিক ও গ্রাম্য মাতব্বররা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বেলোয়া গ্রামের মৃত মছির উদ্দিন প্রামাণিকের স্ত্রী মর্জিনা বেওয়া দীর্ঘদিন ধরে ছেলেদের অবহেলার শিকার হয়ে আসছিলেন। পরে বিষয়টি সিংড়া থানা পুলিশ জানতে পেরে শুক্রবার সন্ধ্যায় তাকে তার ছেলের কাছে নিয়ে যান। এ সময় আর কোনোদিন ‘মা’ কে অবহেলা করবে না মর্মে ছেলের কাছ থেকে নেওয়া হয় মুচলেখা।

সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, বৃদ্ধা ‘মা’ কে অবহেলা করা খুবই কষ্টকর। বিষয়টি জানার পর মর্জিনা বেওয়ার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে তার পরিবারের সদস্যদের কাছে।