গোয়ালন্দ থেকে চুরি যাওয়া ইজিবাইক মুন্সিগঞ্জে উদ্ধার

গ্রেফতার এক

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

গোয়ালন্দ থেকে চুরি যাওয়অ ব্যাটারিচালিত একটি ইজিবাইক শুক্রবার রাতে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় এজাহারভুক্ত আসামি তাসলিমা বেগমকে গ্রেফতার করা হয়েছে। সে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার নুনেরটেক গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী।

গত ২০ ডিসেম্বর গোয়ালন্দের জমিদার ব্রিজ এলাকা থেকে শাহজাহান ও তার চার/পাঁচজন সঙ্গী যাত্রীবেশে প্রতারণার মাধ্যমে রাজবাড়ী সদর উপজেলার চালক সজিব শেখের ইজিবাইকটি চুরি করে। পরে সেটি কাভার্ডভানে তুলে গজারিয়া নিয়ে যায়। কিন্তু ওই ইজিবাইকে থেকে যায় সজিবের মোবাইল ফোনটি। ওই ফোনে পরবর্তীতে একাধিকবার সজিব যোগাযোগ করলে শাহজাহান ও স্ত্রী তাসলিমা ফোন রিসিভ করে ইজিবাইকটি পাওয়ার শর্তে ৩০ হাজার টাকা দাবি করে। গত ২৬ ডিসেম্বর তাদের দেয়া একটি মোবাইল নম্বরে সজিব ৫শ টাকা বিকাশ করে। পরে বাকি টাকার চাপ দিতে থাকলে সজিব গত ১ জানুয়ারি গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফি জানান, চুরি যাওয়া ইজিবাইকসহ এজাহারভুক্ত ২নং আসামিকে গ্রেফতার করেছি। শাহজাহানসহ অপর সহযোগীদের গ্রেফতারেও চেষ্টা চলছে।