সুন্দরবনের বনজ সম্পদ ও বন্যপ্রাণী সংরক্ষণে স্মার্ট পেট্রোল টিমের পাহারা

কয়রা (খুলনা) সংবাদদাতা

সুন্দরবন থেকে বনজ সম্পদ কাঠ, কুমির, হরিণ ও বাঘ পাচার রোধে বন বিভাগ প্রতিমাসে ২০ দিন স্মার্ট পেট্রোল টিম পাহারা দিচ্ছে। বনজ সম্পদ রক্ষার্থে তারা জিরো টলারেন্স অবস্থান নিয়েছে। দীর্ঘ ১ বছর আগে থেকে বন এলাকায় পাহারার কাজ শুরু হয়েছে। মাছ, কাঁকড়া ও মধু ছাড়া বন এলাকায় অন্যান্য সকল সম্পদ আহরণও নিষিদ্ধ করা হয়েছে।

খুলনা সার্কেলের বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরী বলেন, খুলনা, শরণখোলা, সাতক্ষীরা ও চাঁদপাই রেঞ্জে ৩২ জন সশস্ত্র বনপ্রহরী মাসে ২০ দিন পাহারা দিচ্ছে। প্রতি দলে সদস্য সংখ্যা ৮/১০ জন। তাদের কাছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ছাড়া পর্যাপ্ত জ্বালানি ও দ্রুত ক্ষমতাসম্পন্ন জলযান রয়েছে।

তার দেওয়া তথ্যমতে, শুধুমাত্র  ১ মাসে চোরাই শিকারিদের ৫৯টি নৌকা ও ৩৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। সুন্দরবনের ৫২ শতাংশ এলাকা অভয়ারণ্য।

পশ্চিম বন বিভাগের ডিএফও মো. বশিরুল আল-মামুন বলেন, সুন্দরবনের স্মার্ট পেট্রোলিং গ্রুপ সুন্দরবনের সম্পদ রক্ষায় যে সফলতা দেখিয়েছে তা খুবই ভালো। বর্তমানে পেট্রোলিং কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি জানান।