দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনী ক্যাম্প অপসারণ করা হবে —মেয়র সাঈদ খোকন

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর ফুটপাত দখল করে নির্মিত অস্থায়ী নির্বাচনী ক্যাম্পগুলো দ্রুত সময়ের মধ্যে অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। গতকাল শনিবার নগরীর সেগুনবাগিচায় অস্থায়ী নির্বাচনী ক্যাম্প অপসারণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন শেষ হয়েছে। এরই মধ্যে ব্যানার পোস্টার এবং ফেস্টুনসহ নির্বাচনী প্রচার সামগ্রীর ৯৫ ভাগ অপসারণ হয়েছে। বাকি শুধু নির্বাচনী ক্যাম্পগুলো। আমরা দ্রুততম সময়ের মধ্যে এগুলো অপসারণ করব।

মেয়র বলেন, এর আগে আমরা সংসদ সদস্যদের আহ্বান জানিয়েছিলাম। তারাও চেষ্টা করেছেন। এর পরেও যদি কোথাও নির্বাচনী প্রচার সামগ্রী দেখতে পান তাহলে আমাদের কর্মকর্তা কিংবা সরাসরি আমাকে অবহিত করবেন। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।

এ সময় মেয়রের সঙ্গে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতনসহ অন্যান্য কাউন্সিলর, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর জাহিদ হোসেন ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।