দুই হাজার যাত্রী নিয়ে চার ঘণ্টা ডুবোচরে আটকা ২ লঞ্চ

g বরিশাল অফিস

বাকেরগঞ্জে দুই হাজার যাত্রী নিয়ে এমভি সুন্দরবন-৯ ও এমভি জামাল-৫ নামক দুটি লঞ্চ চার ঘণ্টা ডুবোচরে আটকা ছিল। শুক্রবার লঞ্চদুটি পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশে যাওয়ার পথে রাত সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে সুন্দরবন লঞ্চের সুপারভাইজার ইউনুস হোসাইন জানান, নাব্যতা সংকটের কারণে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কারখানা নদীতে এমভি সুন্দরবন-৯ ও এমভি জামাল-৫ নামের লঞ্চ দুটি রাত সাড়ে ৭টার দিকে ডুবোচরে আটকা পড়ে। আটকা পড়ার পর দীর্ঘক্ষণ চেষ্টা শেষে সাড়ে ১০টার দিকে লঞ্চদুটি চালনা করা সম্ভব হয়। তিনি জানান, লঞ্চ দুটিতে প্রায় ২ হাজার যাত্রী ছিল। লঞ্চ আটকে পড়ায় যাত্রীরা বিক্ষুব্ধ হয়ে পড়লেও জোয়ারের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় ছিল না। একই কথা জানিয়েছেন, জামাল-৫ লঞ্চের স্টাফ মো: জামাল হোসেন। জোয়ার আসার সঙ্গে সঙ্গে লঞ্চ গন্তব্যের উদ্দেশে রওয়ানা হয়।