বাগেরহাটে সন্ত্রাসী হামলায় শ্রমিক লীগ নেতা আহত

g বাগেরহাট প্রতিনিধি 

বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শ্রমিক লীগের সভাপতি পশুপতি দাস সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে খানপুর ইউনিয়নের রণজিত্পুর গ্রামে পশুপতি দাসের বাড়ির পাশের বাগানে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত অবস্থায় পশুপতি দাসকে তার পরিবারের লোকজন উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছেন। তার শরীরের একাধিকস্থনে ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিত্সকরা।

হাসপাতালে চিকিত্সাধীন পশুপতি দাস বলেন, নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করায় প্রতিপক্ষ বিএনপি কর্মী সঞ্জয় দাস, সুভেন্দু দাস ও সর্বজিত পালসহ অজ্ঞাত লোকজন আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আমার উপর হামলা চালায়। সন্ত্রাসীরা ধারালো দা দিয়ে আমার পায়ে ও পিঠে একাধিকস্থানে কোপ দেয়। এসময় আমার ডাক চিত্কারে আমার পরিবার ও আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, শ্রমিক লীগ নেতার উপর হামলার ঘটনা জেনেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।