মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মান করতে প্রয়োজনে জরুরি অবস্থা জারির হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, সরকারের অচলাবস্থা কয়েক বছর ধরেও তিনি চালিয়ে নিতে পারেন। শুক্রবার হোয়াইট হাউসে ডেমোক্র্যাট দলের কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকটি ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প এসব হুমকি দেন। খবর বিবিসি ও রয়টার্সের
বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেন ডেমোক্র্যাটরা। সেখানে স্পিকার নির্বাচিত হন ন্যান্সি পেলোসি। এরপরই তিনি ঘোষণা দেন, প্রেসিডেন্ট ট্রাম্পের আহবান তারা মানছেন না। তারা একটি বিল পাস করেন যেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবিকে অগ্রাহ্য করা হয়। শুক্রবার হোয়াইট হাউসে দুই দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু তার কথায় সায় দেননি ডেমোক্র্যাটরা। তারা দেয়াল নির্মানে কোনো অর্থ বরাদ্দ দেবেন না বলে জানান। বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষুব্ধ হন। তিনি প্রয়োজনে জরুরি অবস্থা জারি করবেন এবং কংগ্রেসের অনুমোদন ছাড়াই মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মান করবেন। ট্রাম্প বলেন, তিনি আংশিক অচলাবস্থা চালিয়ে নিতে প্রস্তুত। কয়েক মাস এমনকি কয়েক বছর ধরে চালাতে পারেন তিনি। গত ২২ ডিসেম্বর থেকে চলা শাটডাউনের কারনে ৮ লাখ কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা বন্ধ আছে। বৈঠকের ফল সম্পর্কে সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক চুসুমার বলেন, বৈঠকে ডেমোক্র্যাটরা শাটডাউনের ইতি টানতে বলেছিলেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প দেয়াল নির্মানে অর্থ বরাদ্দ না দিলে সেটি মানতে অস্বীকার করেন।