যুক্তরাষ্ট্রের গবেষণাগারগুলোতে সাইবার হামলা চালিয়ে কোভিড-১৯ রোগের ভ্যাকসিনের তথ্য চুরি করছে চীনা হ্যাকাররা।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সংক্রান্ত মন্ত্রণালয় এমন অভিযোগ তুলেছে। তারা বলছে, এসব হ্যাকারকে সহায়তা করছে চীন সরকার।
চীনের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দুই শিক্ষার্থী লি জিয়াওউ (৩৪) এবং ডং জিয়াঝির (৩৩) বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে।
মার্কিন প্রসিকিউটররা বলছেন, ওই দুই চীনা নাগরিক জানুয়ারি মাসে ম্যাসাচুসেটস বায়োটেক ফার্মের ওপর গুপ্তচরবৃত্তি করে। এই প্রতিষ্ঠানটি কোভিড-১৯ ভ্যাকসিন নিয়ে গবেষণা করছিল।
এ ছাড়া ম্যারিল্যান্ডের একটি কোম্পানি কোভিড-১৯ ভ্যাকসিন নিয়ে গবেষণা করছে এমন ঘোষণা দেওয়ার পর সেখানেও হামলা চালায় তারা।
মার্কিন কর্মকর্তার বলছেন, অভিযুক্তরা ব্যক্তিগতভাবে এই হ্যাকিংয়ের কাজ করলেও চীনের গোয়েন্দা সংস্থার এজেন্টদের কাছ থেকে সহায়তা পান তারা। খবর: বিবিসি
ইত্তেফাক/জেডএইচ