‘জাতীয় পার্টি (জাপা) একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে; পদাধিকার বলে দলের পার্লামেন্টারি পার্টির প্রধান হিসেবে আমি বিরোধী দলীয় নেতা এবং জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের সংসদের বিরোধী দলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন; জাপা মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন; জাপার কোনো সংসদ সদস্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত থাকবেন না।’ এসব সিদ্ধান্ত সম্বলিত একটি চিঠি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে দিয়েছেন জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ। দলের সহ-দফতর সম্পাদক এম এ রাজ্জাকের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল শনিবার সংসদ ভবন এলাকায় স্পিকারের বাসায় গিয়ে তাঁর হাতে এরশাদের এই চিঠি হস্তান্তর করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য এরশাদ তার চিঠিতে স্পিকারকে অনুরোধ জানান। শুক্রবার এক বিবৃতিতেই এরশাদ অন্য সিদ্ধান্তসমূহ ঘোষণা করেন। গতকাল নতুন করে দেওয়া বিবৃতিতে রাঙ্গাকে সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ করার কথা জানান এরশাদ। আর স্পিকারকে দেওয়া এক চিঠিতেই এরশাদ তার সব সিদ্ধান্তের কথা জানান।
এরশাদের চিঠি প্রাপ্তির কথা জানিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গতকাল ইত্তেফাককে বলেন, এরশাদ সাহেবের চিঠি আমি পেয়েছি। আমরা এখন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ ও আনুষঙ্গিকতা নিয়ে ব্যস্ত। তারপর সোমবার নতুন মন্ত্রিসভার শপথ রয়েছে। এ কাজগুলো শেষ হোক, তারপর সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাপ করে এরশাদের চিঠির বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।’
এদিকে, গত কয়েক মাস ধরেই অসুস্থ থাকা এরশাদ গতকাল দুপুরে আবারো ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। তবে আজ রবিবার বেলা সাড়ে ১২টার দিকে সংসদ ভবনে গিয়ে স্পিকারের কাছে এরশাদের একাদশ সংসদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে। এরশাদ এবারো রংপুর-৩ আসন থেকে এমপি নির্বাচিত হন। জাপার সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদের নেতৃত্বে দলের অপর ২১ জন সংসদ সদস্য গত বৃহস্পতিবার শপথ নিলেও অসুস্থতার কারণে এরশাদ সেদিন শপথ নিতে পারেননি।
সংসদ পরিচালনায় যেন ঘাটতি না থাকে সেজন্যই
জাপা বিরোধী দল হবে : জিএম কাদের
জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের গতকাল রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, সহিংসতা নয়, দেশ ও জনগণের কথা বলতেই সংসদে শক্তিশালী বিরোধী দল হতে চায় জাপা। সংসদ পরিচালনায় যেন কোনো ঘাটতি না থাকে সে কথা বিবেচনা করেই জাপা আলাপ-আলোচনার মাধ্যমে প্রধান বিরোধী দলের ভূমিকা রাখবে।
এরশাদের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, দেশের স্বার্থে যে কোনো সংস্কার ও সংশোধনে জাপা ইতিবাচক ভূমিকা রাখবে। ব্রিফিংয়ে জাপার প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভ রায়, চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
স্পিকার ও প্রধানমন্ত্রীকে এরশাদের অভিনন্দন
চতুর্থবারের মতো শেখ হাসিনা সংসদ নেতা নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এরশাদ। গতকাল এক অভিনন্দন বার্তায় এরশাদ বলেন, ‘শেখ হাসিনার এই কৃতিত্ব শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, গণতান্ত্রিক বিশ্বেও বিরল। এটা গণতন্ত্রের জন্যও সম্মানের বিষয়।’ বার্তায় তিনি আশা প্রকাশ করেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের ধারা আরও বেগবান হবে। দেশ ও জাতির কল্যাণে বিরোধী দল সবসময় সরকারকে সহযোগিতা করবে। এরশাদের এই অভিনন্দনপত্র গতকাল সংসদ ভবনে সংসদ নেতার দফতরে পৌঁছে দেন জাপার একটি প্রতিনিধি দল।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পাশাপাশি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকেও অভিনন্দন ও শুভেচ্ছা জানান এরশাদ।