শ্রীলঙ্কায় মাদক উদ্ধারের ঘটনায় ঢাকায় একজন আটক

শ্রীলঙ্কার কলম্বোতে ২৭২ কেজি হেরোইন ও ৫ কেজি কোকেনসহ দুই বাংলাদেশি গ্রেফতারের ঘটনার সূত্র ধরে ঢাকায় আরো একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার রাতে ঢাকার উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির সম্ভাব্য নাম ফয়েজ। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একাধিক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, মাদক পাচারের আন্তর্জাতিক রুটের সঙ্গে আটককৃত ব্যক্তির যোগসূত্র আছে কিনা— সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৩১ ডিসেম্বর শ্রীলঙ্কার কলম্বোর মাউন্ট লাভিয়ানা এলাকার একটি বাড়িতে অভিযান  চালিয়ে বগুড়ার জামাল উদ্দিন ও জয়পুরহাটের দেওয়ান রফিউল ইসলামকে ৯ কেজি হেরোইনসহ গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য নিয়ে আরেকটি বাড়িতে অভিযান চালিয়ে ২৬৩ কেজি হেরোইন ও ৫ কেজি কোকেন উদ্ধার করা হয়। এ নিয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কার হাইকমিশন পর্যায়ে চিঠি চালাচালি হয়। বিষয়টি তদন্ত করতে ওই দেশ বাংলাদেশ হাইকমিশনারের কাছে বাংলাদেশ সরকারের সহযোগিতা চায়। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানান, কলম্বোতে আটক দুই বাংলাদেশির তথ্য যাচাই বাছাই করছে। তারা কিভাবে ঢাকা থেকে কলম্বোতে গিয়েছেন ও তাদের সঙ্গে কারা জড়িত সে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এরই সূত্র ধরে শনিবার রাতে উত্তরা এলাকা থেকে সন্দেহভাজন হিসাবে একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে তথ্য নিয়ে সংশ্লিষ্ট আরো কয়েক ব্যক্তিকে আটকের জন্য অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।