বাগমারায় নতুন আতঙ্ক ব্যাটারিচালিত অটো ছিনতাইকারী। সংঘবদ্ধ অটো ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্যে অসহায় হয়ে পড়েছে অটো চালকরা। ছিনতাইকারীরা সাধারণ যাত্রী বেশে অটো ভাড়া করে কৌশলে অটো ছিনতাই করে নির্বিঘ্নে পালিয়ে যাচ্ছে। গত ডিসেম্বর মাসেই বাগমারার পূর্ব এলাকা থেকে অন্তত তিনটি অটো ছিনতাই করে নিয়ে গেছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র।
ব্যাটারীচালিত অটোচালক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বাগমারার পূর্ব এলাকায় দিনে-দুপুরে অটো ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্য ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ভবানীগঞ্জ-আত্রাই সড়ক, শিকদারী-তাহেরপুর ও তাহেরপুর-পুঠিয়া সড়কে এই চক্রের দৌরাত্ম্যে অসহায় হয়ে পড়েছে অটোচালকরা।
চেউখালির রফিকুল ইসলাম জানান, শিকদারী থেকে পুঠিয়া যাওয়ার কথা বলে খয়ের আলীর অটো ভাড়া করে এক নারী ও দুইজন পুরুষ। খয়ের আলীর অটো তাহেরপুর পৌঁছালে নারী যাত্রী অটোচালককে দোকান থেকে মিষ্টি আনতে পাঠায়। অটোচালক মিষ্টি আনতে গেলে ছিনতাইকারীরা অটোটি নিয়ে পালিয়ে যায়। পরে খয়ের আলীর চিত্কারে লোকজন ছুটে আসে। এ সময় একটি মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করে পুঠিয়া রোডের রাস্তার পাশে থেকে পরিত্যক্ত অবস্থায় অটোটি উদ্ধার করা হয়।
ভবানীগঞ্জের অটোচালক আব্দুস সামাদ ও রুবেল জানান, এভাবে নব্য কৌশলে অটো ছিনতাই হওয়ায় তারা ভীত-সন্ত্রস্ত। কারণ তারা রাতেও অটোর ভাড়া মারেন। অনেক সময় ট্রেনের যাত্রী নিয়ে তারা নাটোর ও আত্রাই রওনা হন। এখন তারা কী করে বুঝবেন যে কোন্ যাত্রী আসল আর কোন্ যাত্রী ছিনতাইকারী। এই দুইজনসহ আরও ১০/১২ জন অটোচালক বলেন, রাস্তায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য প্রতিরোধ করতে তারা পুলিশ র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহলসহ গোয়েন্দা তত্পরতা বৃদ্ধি করার দাবি জানান।