দোহারে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন সালমান এফ রহমান

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে বিপুল ভোটে নবনির্বাচিত এমপি, বিশিষ্ট শিল্পপতি, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান গতকাল শনিবার দোহার-নবাবগঞ্জবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করতে আসলে নেতাকর্মী ও সমর্থকরা তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

তিনি গতকাল সকাল ১০টার দিকে দোহারের ফুলতলা থেকে শুরু করে মুকসুদপুর, নারিশা, মেঘুলা, দোহার বাজার, জয়পাড়া থানার মোড় হয়ে উপজেলার চত্বরে এসে পৌঁছান বেলা সাড়ে ১২টার দিকে। এ সময় জনতার ঢল নামে রাস্তার দুপাশে। ফুল আর শুভেচ্ছা স্বাগতম স্লোগানে মুখরিত হয় ফুলতলা থেকে দোহার উপজেলার প্রধান সড়কগুলো। এ সময় নবনির্বাচিত এমপি বলেন, আপনারা আমাকে বিপুল পরিমাণ ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সঙ্গে নিয়ে উন্নয়নমূলক কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।

সালমান এফ রহমান বলেন, নির্বাচনের আগে আপনাদের কথা দিয়েছিলাম আমাকে নির্বাচিত করলে আমি দোহার-নবাবগঞ্জ উপজেলাকে মডেল উপজেলা হিসেবে উপহার দেব। এখন এই লক্ষ্যে কাজ করব ইনশাল্লাহ। পরে দুপুরে তিনি নবাবগঞ্জ উপজেলা পরিষদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল, সাধারণ-সম্পাদক আলী আহসান খোকন শিকদার, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন ঝিলু, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন প্রমুখ।