গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত মোঃ জিল্লুর রহমান (৫০) পাবনা জেলার চাটমোহর থানার সিবলাই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি গাজীপুরের শ্রীপুর মেম্বার বাড়ি এলাকায় পারটেক্স গ্রুপে চাকরি করতেন। জয়দেবপুর থানার এসআই ওয়াসিম জানান, জিল্লুর রহমান শুক্রবার কারখানায় কাজ শেষে রাতে মোটরসাইকেলযোগে কাপাসিয়ার তরগাঁওয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর-কাপাসিয়া সড়কের হালডোবা এলাকায় পৌঁছালে কোনো এক গাড়ির সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে শনিবার সকালে জয়দেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল মর্গে পাঠায়।
টঙ্গীতে ঝুলন্ত লাশ উদ্ধার
শনিবার সকালে টঙ্গী পশ্চিম থানার দেওড়া মৃত্তিবাড়ি এলাকার ভাড়া বাসা থেকে আনোয়ার হোসেন আনু (৩৮) নামে এক ব্যক্তির জুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ী গাজীপুর শহরের ট্যাংকিরপাড় এলাকায়।
টঙ্গী পশ্চিম থানার এসআই নাজমুল হোসেন জানান, শনিবার সকালে ঘরে আনুর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে প্রতিবেশীরা থানায় খবর দেয়। সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।