‘ভারতের প্রথম বাঙালি প্রধানমন্ত্রী কেউ হলে হতে পারেন মমতা ব্যানার্জিই। তৃণমূলের অন্য কোনো নেতা নয়’- এই বক্তব্য মমতার রাজনৈতিকভাবে প্রবল বিরোধী বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। এ বক্তব্য প্রদানের মাধ্যমে নতুন কোনো রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত কি দিলেন বিজেপির রাজ্য সভাপতি?
গতকাল শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে দিলীপ ঘোষ এই বক্তব্য দেন। মমতাকে শুভেচ্ছা জানাতে গিয়েই বিজেপির রাজ্য সভাপতি কোনো এক বাঙালিকে প্রধানমন্ত্রীর পদে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেন, সেই তালিকায় তার প্রথম পছন্দ তৃণমূল কংগ্রেস প্রধান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার এই বক্তব্য শুনে অনেকেই বলছেন, এ যেন ভূতের মুখে রামনাম। দিলীপ ঘোষ বলেন, ‘উনি বাংলার মুখ। ওনার সুস্থতা ও সাফল্য কামনা করি। ওনার সুস্থ থাকাটা দরকার। কারণ ওনার সুস্থতার উপরেই বাংলার ভাগ্য নির্ভর করছে।’ এরপরই তিনি বলেন, ‘মমতার সুস্থ থাকা দরকার কারণ বাঙালি হিসেবে যদি কেউ প্রধানমন্ত্রী হন তাহলে ওঁর সুযোগ আছে। জ্যোতি বসুর প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ ছিল, কিন্তু তাঁর দল তা হতে দেয়নি। প্রণব মুখার্জি রাষ্ট্রপতি হয়েছেন। এবার একজন বাঙালির প্রধানমন্ত্রী হওয়া প্রয়োজন।’