বিশিষ্ট নৃত্যশিল্পী অমলাশঙ্কর আর নেই

না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট নৃত্যশিল্পী অমলাশঙ্কর (১০১)। শুক্রবার ভোরে ঘুমের মধ্যে তিনি বার্ধক্যজনিত কারণে মারা যান। বিকালে কলকাতার কেওড়াতলা শ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

মমতা শোক প্রকাশ করে বলেছেন, নৃত্যের মাধ্যমে অমলাশঙ্কর পশ্চিমবঙ্গ বা ভারতের সীমা অতিক্রম করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন। উদয়শঙ্কর-অমলাশঙ্কর নিবেদিত ‘কল্পনা’ আজও জনপ্রিয়তা হারায়নি। ২০১১ সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করে। অমলাশঙ্করের মৃত্যুতে নৃত্য জগতের অপূরণীয় ক্ষতি হলো।

উদয়শঙ্কর পরিচালিত ছবি ‘কল্পনা’য় উমার চরিত্রে অমলার নৃত্যাভিনয় দেশ-বিদেশে প্রশংসিত হয়। কান চলচ্চিত্র উত্সবে দেখানো হয় সেটি। সেই সময় কান চলচ্চিত্র উত্সবে অংশ নেওয়া কনিষ্ঠতম তারকা ছিলেন অমলাশঙ্কর। ১৯১৯ সালের ২৭ জুন যশোরে জন্ম অমলাশঙ্করের। মাত্র ১১ বছর বয়সেই প্যারিসে আয়োজিত আন্তর্জাতিক প্রদর্শনীতে যোগ দিয়েছিলেন অমলাশঙ্কর। সেখান থেকে উদয়শঙ্করের সঙ্গে পথচলা শুরু হয় তার।