দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী মধ্যপাড়া পাখরখনির ভূগর্ভে পাথর উত্তোলনকালে মোস্তাফিজুর রহমান (২৯) নামের এক খনি শ্রমিকের মৃত্যু ঘটেছে। গত শনিবার (৫জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় পাথরচাপা পড়ে তার মৃত্যু হয়।
নিহত খনি শ্রমিক মোস্তাফিজুর রহমান পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত একরামুল হকের ছেলে। খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রাস্ট কনসোর্টিয়ামের অধীন কর্মরত ছিলেন।
খনি সূত্রে জানা যায়, খনি শ্রমিক মোস্তাফিজুর রহমান গত শনিবার দ্বিতীয় শিফটে খনির ভূগর্ভে পাথর উত্তোলন কাজ করছিলেন। এ সময় ভূগর্ভের পাথরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। এতে সহকর্মীরা তাকে মুমূর্ষু অবস্থায় ভূগর্ভ থেকে উদ্ধার করে ভূপৃষ্ঠে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুনঃ সৈয়দ আশরাফের মরদেহ ময়মনসিংহে, জানাজা শেষে দাফন বনানীতে
খনি শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. জাবেদ চৌধুরী বলেন, 'তদন্ত ছাড়া দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করার প্রক্রিয়া চলছে। তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে দুর্ঘটনার সঠিক কারণ জানা সম্ভব হবে।'
ইত্তেফাক/নূহু