আট বেঁধেছি ঘাট বেঁধেছি
প্যাঁচ দিয়েছি পেঁচার পায়,
তাক ডুমাডুম ক্যায়া মজা
লুটছে মজা জ্যোতিষ রায়।
চিল-শকুনে ঘুরছে পথে
খোঁয়াড় ভরা ভেড়ার পাল
ভেলকিবাজি ভানুর খেলা
সবাই ঘোরে টালমাটাল!
কিসের বাজি, কিসের কী হে?
চাপায় চলে দাবার খেল!
দাদা আছেন চেয়ার পেতে
আমরা গায়ে মাখছি তেল।
দাদা আছেন আমরা আছি
এই তো বেশি আর কী চাস...?
পাড়ায়, হাটে বয়ান শুনি,
উলটোসিধা গেলেই বাঁশ!
নগেন বলে, খগেন জানে
কাদের কত লম্বাহাত,
কাদের হাতে লাটাই-ঘুড়ি
দিনকে কারা করছে রাত।
তাই বলি কী, সোজাসাপটা
ছাপ্পা লাগা হাতির গায়,
হাতি মানেই কেল্লাফতে
দান মারবে জ্যোতিষ রায়।