শ্রীপুরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে জান্নাত (১৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার উপজেলার কাওরাইদ ইউনিয়নের যুগীরছিট গ্রাম থেকে নিহতের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে জান্নাতের স্বামী আল আমীন (২২) পলাতক রয়েছে।

নিহত জান্নাত ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মনোহরপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে।

জানা গেছে, গত এক বছর আগে উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের করিম মিয়ার ছেলে আল আমীনের সাথে পারিবারিকভাবে জান্নাতের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহের কারণে জান্নাত বাবার বাড়িতে বসবাস করতো। গত ২ জানুয়ারি আল আমিন তার স্ত্রীকে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে আসার পর থেকে জান্নাত নিখোঁজ হয়। রবিবার সকালে আল আমিনের বাড়ির পাশে মোশারফের ভিটার বেগুন ক্ষেতে স্থানীয় লোকজন গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

আরো পড়ুন: নরসিংদীতে অজ্ঞাত ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

নিহত গৃহবধূর বড় ভাই আবুল কালাম অভিযোগ করে বলেন, আল আমীন পরিকল্পিতভাবে তার বোনকে হত্যা করে লাশ ফেলে পালিয়ে গেছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতের স্বামী হত্যাকাণ্ডের সাথে জড়িত। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। এ ঘটনায় শ্রীপুর থানায় হত্যা মামলা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ