চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ প্রচার সম্পাদক রিপন আলীকে (২৬) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চককীর্তি ইউনিয়নের লহালামারী বাজারে এ ঘটনা ঘটে। সে চককীর্তি ইউনিয়নের লহালামারী সাহেবগ্রামের তোহরুল ইসলামের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৮টার দিকে লহালামারী বাজারে রিপন আলীর নিজ কম্পিউটার দোকানে কাজ করার সময় ৮-১০ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে দোকানে প্রবেশ করে অতর্কিত হামলা চালিয়ে রিপনের মাথায়, দুই হাত ও দুই পায়ে কুপিয়ে জখম করে। তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক কামাল উদ্দিন জানিয়েছেন 'রিপন আলীর পায়ে গুরুতর আঘাত রয়েছে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।'
আরও পড়ুনঃ তেঁতুলিয়ায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত আহত দুই
এ বিষয়ে জানতে শিবগঞ্জ থানার ওসি সিকদার মশিউর রহমান জানান, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সঠিক তদন্তপূর্বক রহস্য উৎঘাটন করা হবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।'
ইত্তেফাক/নূহু