আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়া সদর উপজেলার পশ্চিম আব্দালপুর গ্রামে মঈনুদ্দিন (৬০) নামের এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। রবিবার সকালে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ জিজ্ঞাসাবাদের ২৫ জনকে আটক করেছে।
পুলিশ ও এলাকবাসী সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে পশ্চিম আব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান স্বপন মাস্টার গ্রুপের সাথে একই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গ্রুপের দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছিল। এ দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষ মোস্তফা গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় বাজারের সামনে মঈনুদ্দিনের ওপর আক্রমণ চালায়। এ সময় মঈনুদ্দিন নিজকে রক্ষার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মঈনুদ্দিনকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন: মন্ত্রীদের ঠিকানা পেলেই গাড়ি পৌঁছে যাবে
ঘটনার সত্যতা স্বীকার করে ইসলামি বিশ্ববিদ্যালয় থানার ওসি রতন শেখ জানান, প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছে। পুলিশ জিজ্ঞাসবাদের জন্য ২৫ জনকে আটক করেছে। এদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুব শিগগিরই আইনের কাছে সোপর্দ করা হবে।
ইত্তেফাক/বিএএফ