করতোয়ার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি

ষ্টাফ রিপোর্টার, বগুড়া: বগুড়া শহরের শেখ শরিফ উদ্দীন সুপার মার্কেট ও টিএমএসএস মহিলা মার্কেটের রাস্তা বন্ধ করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ ও করতোয়া নদীর উপর জনস্বার্থে ব্রিজ নির্মাণের দাবিতে গতকাল রবিবার বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন করেছে নবাববাড়ী সড়কের ব্যবসায়ীগণ। মানববন্ধনে বক্তব্য রাখেন নবাববাড়ী ব্যবসায়ী সমিতির নেতা তৌফিকুল আলম লিটন, জাকিরুল ইসলাম মিঠু, আব্দুল বাছেদ,  শেখর রায়,ফজলে রাব্বী,বিশ্বনাথ কুন্ডু,ওয়াদুদ মুকুল প্রমুখ।  মানববন্ধনে বক্তারা বলেন— শেখ শরীফ উদ্দিন সুপার মার্কেট ও টিএমএসএস মহিলা মার্কেটের রাস্তা বন্ধ করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। অবৈধ স্থাপনা নির্মাণের ফলে করতোয়া নদীর উপর ব্রিজ নির্মাণের অনিশ্চয়তা দেখা দিয়েছে। ব্রিজটি নির্মাণ হলে তিনটি মার্কেটের বিক্রি বাড়বে এবং উভয় পাশের জনসাধারণের চলাচলের সুবিধা হবে। ব্যবসায়ীরা অবিলম্বে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন —ইত্তেফাক