অনলাইনের বিড়ম্বনায় ট্রেন মিস

রংপুর থেকে ঢাকা যাওয়ার জন্য যাত্রার ৩ দিন আগে রংপুর এক্সপ্রেস ট্রেনের ৪ জানুয়ারির একটি টিকেট অগ্রিম কিনি। নির্ধারিত দিনে ট্রেনের অবস্থান জানতে ১৬:১৮ ঘটিকায় TR 771 লিখে 16318 নাম্বারে এসএমএস করি। রিপ­াই এসএমএসের মাধ্যমে জানতে পারি ট্রেনটি ঐ দিন ১৩:৪০ ঘটিকায় ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ৪ ঘণ্টা ৪০ মিনিট দেরিতে যাবে। এসএমএস-এর এমন রিপ্লাইকে সঠিক ধরে আমি ২ ঘণ্টা দেরিতে রংপুর রেলস্টেশনে যাই। স্টেশনে আধা ঘণ্টা অপেক্ষার পর স্টেশন মাস্টারের মাধ্যমে জানতে পারি, রংপুর এক্সপ্রেস ট্রেনটি ঐ দিন রংপুর থেকে নির্ধারিত সময় অর্থাত্ ২০:০০ ঘটিকায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। আমি তো হতবাক। রংপুর এক্সপ্রেস যদি ঢাকা থেকে ১৩:৪০ ঘটিকায় যাত্রা শুরু করে তাহলে কোনোভাবেই ট্রেনটির সেই দিন ২০:০০ ঘটিকায় রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা সম্ভব নয়। পরে বুঝতে পারি, অনলাইন থেকে যে এসএমএস পেয়েছি তা ঠিক ছিল না। অনলাইনের এমন বিড়ম্বনায় আমি ব্যক্তিগতভাবে আর্থিক ও সামাজিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। এমন পরিস্থিতিতে কী করণীয়, কোথায় গেলে প্রতিকার পাওয়া যাবে তা আমার জানা নাই। ফলে বিষয়টির প্রতি সংশি­ষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. জাহানুর ইসলাম

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়