ইত্তেফাক রিপোর্ট
কার্যক্রমে আসছে আরো একটি জীবন বীমা কোম্পানি। নতুন এ কোম্পানির নাম হবে ‘এনআরবি ইসলামিক লাইফ ইন্সুরেন্স লিমিটেড’। কোম্পানি হিসাবে নিবন্ধনের পূর্বশর্ত হিসাবে ব্যবসার অনাপত্তি দিয়েছে বীমাখাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আইডিআরএ’র উপ-সচিব আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক স্বাক্ষরিত অনাপত্তিপত্রে বলা হয়েছে, এনআরবি ইসলামিক লাইফ ইন্সুরেন্স নামে নিবন্ধনের জন্য নির্দেশক্রমে আইডিআরএ অনাপত্তি জ্ঞাপন করা হলো। তবে এই অনাপত্তি ভবিষ্যতে কোম্পানির নিবন্ধন লাইসেন্স প্রাপ্তির কোনো নিশ্চয়তা প্রদান করবে না।
জানা গেছে, প্রাথমিক অনুমোদন পাওয়া এ বীমা কোম্পানির চেয়ারম্যান ইউরোপ প্রবাসী জিএম কিবরিয়া। তিনি বীমা ব্যবসার জন্য ২০১৩ সালে আবেদন করেন। সে সময়ে কোম্পানির সনদ পাওয়ার সব শর্ত পূরণ করলেও লাইসেন্স পাওয়া যায়নি।
এ বিষয়ে জিএম কিবরিয়া জানান, সব কার্যক্রম শেষ করতে আরো মাসখানিক সময় লেগে যেতে পারে। তিনি বলেন, উন্নত দেশগুলোতে প্রতিটি মানুষের বীমা থাকলেও আমাদের দেশে নেই। আমাদের মূল লক্ষ্য থাকবে, দেশের সব মানুষকে বীমার আওতায় আর্থিক সেবা দেওয়া। তবে বীমা ব্যবসার সব শর্ত ২০১৩ সালে পূরণ করে আবেদন করা হলেও এত দেরি হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।
প্রসঙ্গত, বেসরকারি খাতে প্রথম বীমা কোম্পানির অনুমোদন দেয় এরশাদ সরকার। ১৯৮৫ থেকে ৯০ সাল পর্যন্ত কয়েক দফায় ১৯টি বীমা কোম্পানির অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে বিএনপি সরকারের শেষ সময়ে ১৯৯৬ সালে ১০টি বীমা কোম্পানির অনুমোদন দেওয়া হয়। পরে আওয়ামী লীগ সরকারের আমলে ২০০০ সালে রেকর্ড সংখ্যক ৩০টি বীমা কোম্পানির অনুমোদন দেওয়া হয়। আওয়ামী লীগের পরের দুই আমলে দুই দফায় মোট ১৬টি বীমা কোম্পানির অনুমোদন দেওয়া হয়। বর্তমানে সরকারি, বেসরকারি ও বিদেশি খাতের ৭৮টি বীমা কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। যার মধ্যে এক তৃতীয়াংশ জীবন বীমা কোম্পানি।