দুইটি অয়েল ট্যাংকার নির্মাণের কার্যাদেশ পেল ওয়েস্টার্ন মেরিন

চট্টগ্রাম অফিস

সংযুক্ত আরব আমিরাতের আল রশিদ শিপিং লিমিটেড নামক প্রতিষ্ঠানের সঙ্গে ২টি ৬৫০০ ডিডব্লিউটি ট্যাংকার ভেসেল নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষর করেছে দেশীয় জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। সম্প্রতি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড এর প্রধান কার্যালয়ে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন এবং আল রশিদ শিপিং লি. পক্ষে আহমেদ আল মারজুকি চুক্তিতে স্বাক্ষর করেন। ১০৯.৬৫ মিটার দৈর্ঘ, ১.৮মিটার প্রস্থ ও ৮.৪০ মিটার গভীরতা সম্পন্ন ট্যাংকার ২টি আন্তর্জাতিক ক্লাসিফিকেশন সংস্থা ব্যুরো ভেরিটাস এর তত্ত্বাবধানে নির্মিত হবে এবং এর মেইন ইঞ্জিনসহ অন্যান্য যন্ত্রাংশ ইউরোপ ও জাপান থেকে আমদানি করা হবে। জাহাজটি ভূমধ্য উপসাগরে চলাচল করবে।

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এর ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন বলেন, আমরা দুবাইতে একটি এলসিটি জাহাজ রপ্তানির মাধ্যমে মধ্যপ্রাচ্যের বাজারে প্রবেশ করি এবং বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প অচিরেই মধ্যপ্রাচ্যে বড় জায়গা দখল করবে বলে আশা করছি।