বোলারদের পানে চেয়ে বাংলাদেশ

টেস্ট ক্রিকেটে ১১তম জয় হাতছানি দিয়ে ডাকছে বাংলাদেশকে। জিম্বাবুয়ের বিপক্ষে ষষ্ঠ জয়টা এখন বহুল প্রার্থিত বাংলাদেশ শিবিরে। সিলেটে হেরে ব্যাকফুটে রয়েছে স্বাগতিকরা। মিরপুর টেস্ট জিতে সিরিজ ড্র করা তথা মান বাঁচানোর লড়াইয়ে অবশ্য সুবিধাজনক অবস্থানেই আছে বাংলাদেশ।

আজ ম্যাচের পঞ্চম দিনের উইকেটে অবশ্য খুব কঠিন কর্ম বাকি নেই টাইগারদের। আজ জিম্বাবুয়ের আরও সাতটি উইকেট নিলেই জয় নিশ্চিত হবে বাংলাদেশের। জিম্বাবুয়ের হয়ে ব্যাট করতে পারবেন না চোটগ্রস্ত টেন্ডাই চাতারা। তাই তিন সেশনে সাত উইকেটই চাই বাংলাদেশের। জয় নিশ্চিত করতে মিরপুরের উইকেটে দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ। এখনও ৩৬৭ রানে পিছিয়ে আছে সফরকারীরা।

গতকাল দিন শেষে মেহেদী হাসান মিরাজ বলেছেন, ম্যাচটা বাংলাদেশের দিকেই হেলে আছে। বল হাতে আজ জিম্বাবুয়ের বাকি ব্যাটসম্যানদের আউট করতেও আশাবাদী তিনি। তার জন্য আজ বোলিংয়েও সেরাটা দিতে হবে।

গতকাল চতুর্থ দিনে আলোর স্বল্পতায় খেলা বন্ধ হয়েছে ৬ ওভার আগে। শেষ বিকালে দ্বিতীয় ইনিংসে দুই উইকেটে ৭৬ রান তুলেছে জিম্বাবুয়ে। এর আগে মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরিতে ছয় উইকেটে ২২৪ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। তখন জিম্বাবুয়ের টার্গেট দাঁড়ায় ৪৪৩ রান।

গতকাল দিন শেষে সংবাদ সম্মেলনে ম্যাচ জয়ের সম্ভাবনা জানতে চাইলে মিরাজ বলেছেন, ‘এখন পর্যন্ত ম্যাচটা আমাদের দিকেই আছে। আমরা সাড়ে চারশর মতো টার্গেট দিয়েছি। ওদের দুই উইকেট শিকার করেছি। কাল (আজ) একটা দিন আছে, তিনটা সেশন আছে। আমাদের বোলাররা যদি ভালো লেন্থে বল করতে পারে, তা হলে ম্যাচটা আমাদের দিকেই আছে।’

ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন মিরাজ। প্রথম ইনিংসে অপরাজিত ৬৮, দ্বিতীয় ইনিংসেও অপরাজিত ২৭ রান করেছেন। বোলিংয়ে দুই ইনিংস মিলে (গতকাল পর্যন্ত) চার উইকেট নিয়েছেন এ তরুণ।

টানা চারদিনই মিরপুরের উইকেট প্রায় একই রকম আচরণ করেছে। সকালে বোলারদের সাহায্য করেছে। দ্বিতীয় সেশন থেকে তৃতীয় সেশনের প্রথম ঘন্টা পর্যন্ত নির্ভেজাল ব্যাটিং উইকেটের রূপ বহাল ছিল। আবার শেষ সেশনে বোলারদের দিকে হাত বাড়িয়েছে।

মিরাজ বলছেন, উইকেটে এখনও খুব বেশি পরিবর্তন হয়নি। চতুর্থ-পঞ্চম দিনের উইকেট হিসেবে অস্বাভাবিক আচরণ দেখা যায়নি। তাই বল হাতে তাইজুলদের কঠিন পরিশ্রম করতে হবে আজ।

উইকেটের অবস্থা জানাতে গিয়ে মিরাজ বলেছেন, ‘উইকেটে কিন্তু আন ইভেন কিছু হয় না। দুই-একটা একটু আন-ইভেন কিছু হয়। আমাদের যে জিনিসটা করতে হবে আমাদের বোলারদের ভালো জায়গায় বল করতে হবে। কারণ উইকেট কিন্তু এখনও দেখেন চারদিন শেষ হয়ে গিয়েছে ওরকম কিন্তু বল লো হচ্ছে না। বা অতিরিক্ত অনেক কিছু হচ্ছে না দুই-একটা ছাড়া। এটা কিন্তু হয় স্বাভাবিক। আমাদের মানসিকতা ওভাবে থাকতে হবে, বোলারদের হার্ডওয়ার্ক করতে হবে। কষ্ট করতে হবে কালকের (আজ) দিনটা। আশা করছি বোলাররা যারা আছে তারা শতভাগ চেষ্টা করবে উইকেটের জন্য।’

নিজের অবস্থান নিরাপদ রাখতেই গতকাল জিম্বাবুয়েকে ফলোঅন না করিয়ে সকালে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। মিরাজ বলেছেন, ‘আমি বলবো চারটা সেশন পর্যাপ্ত। আমরা যে সময় ছেড়ে দিয়েছি ওটাতে প্রায় ১২০-১২৫ ওভার কাভার করেছে। চতুর্থ ইনিংসে ১২০ ওভার মানে কিন্তু অনেক ওভার। এটাই যে আমাদেরও তো একটা ব্যালেন্স করে ছাড়তে হবে। এটাই যে টিম ম্যানেজম্যান্ট খুব ব্যালেন্স করে ছেড়েছে। আমাদের কোনো সময় ব্যাকফুটে না যায় সেভাবেই আমাদের চিন্তা ছিল।’