স্বামীকে হত্যার দায়ে নববধূ আটক

লালমনিরহাটের আদিতমারীতে মাইক্রোবাস চালক বেলাল হোসেনকে (২৭) হত্যার দায়ে নববধূ স্ত্রী লাবনী আক্তারকে (২১) আটক করেছে আদিতমারী থানা পুলিশ। 

শুক্রবার (৩১ জুলাই) রাতে ওই নববধূকে জেলা সদরের বড়বাড়ি এলাকা থেকে আটক করে পুলিশ। নববধূ লাবনী আক্তার জেলা সদরের বড়বাড়ি ইউনিয়নের বৈরাগিকামার গ্রামের বাসিন্দা। আর নিহত বেলাল জেলা সদরের হাড়ীভাঙ্গা এলাকায় নানার বাড়ীতে বসবাস করতেন।

আরো পড়ুনঃ চাটমোহরে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

পুলিশ জানায়, গত ২০ জুলাই লাবণী আক্তারের সাথে বিয়ে হয় শ্রমিক নেতা বেলাল হোসেনের। বিয়ের এক সপ্তাহ পর গত ২৭ জুলাই বেলাল নিখোঁজ হন। নিখোঁজের পর উপজেলার সারপুকুর উচ্চ বিদ্যালয় ও পল্লী বিদ্যুৎ সাব স্টেশন সংলগ্ন এলাকার পাট খেতের ডোবায় বেলালের অর্ধগলিত লাশ উদ্ধার করেন আদিতমারী থানা পুলিশ। 

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, শুক্রবার নিহতের স্ত্রী লাবনী আক্তারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। তিনি স্বীকার করেন, বিয়ের আগে থেকে তার দুলাভাইয়ের সাথে অবৈধ দৈহিক সম্পর্ক ছিল। বেলালের সাথে তার বিয়ে হওয়ায় দুলাভাই ক্ষুব্ধ হয়ে বেলালকে হত্যা করেন। ওসি আরো জানান, লাবণীর দুলাভাইকে আটকের চেষ্টা চলছে।

ইত্তেফাক/এমএএম