আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
অবশেষে গতকাল রবিবার দুপুরে আগৈলঝাড়ার বিক্ষুব্ধ কৃষকরা তাদের মরণ ফাঁদ রাজিহার খালের মুখের সেই বাঁধ কেটে দিয়েছে। চলতি মৌসুমের বোরো আবাদ ব্যাহত করে উপজেলার রাজিহার খালের মুখে বাঁধ দেয়ার কারণে রাজিহার ইউনিয়ন, বাকাল ও গৈলা ইউনিয়নের একটি অংশের কয়েক হাজার চাষি পানির অভাবে তাদের বোরো ক্ষেতে চাষ করতে পারছিল না। যারা জমিতে বোরো চারা রোপণ করেছেন, তাদের রোপিত চারাও পানির অভাবে অনেক মরে গেছে। ঠিকাদারকে বার বার বাঁধ কাটার তাগিদ দেয়ার পরেও বাঁধ অপসারণ না করায় গতকাল রবিবার দুপুরে বিক্ষুব্ধ চাষিরা খালের বাঁধ কেটে দিয়েছে।
এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তা চাষিদের উদ্দেশ্যে বলেন, সরকারের সকল উন্নয়ন সকল জনগণের জন্য। তাই সকল উন্নয়নই দরকার। সমন্বয়ের মাধ্যমে সরকারের উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে।