ইত্তেফাক ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
সাতক্ষীরা: সাতক্ষীরা শহরের বাঙ্গালের মোড়ে রবিবার ট্রাকচাপায় হোটেল রাঁধুণীর এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ট্রাকের হেলপারকে আটকসহ ট্রাকটি জব্দ করেছে। শহরের সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের বাঙ্গালের মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত হোটেল রাঁধুণীর নাম মনোয়ারা খাতুন। তিনি শ্যামনগর উপজেলা গোবিন্দপুর গ্রামের শহর আলীর স্ত্রী। সাতক্ষীরা সদর থানার ওসি মুস্তাফিজুর রহমান জানান, লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নাটোর: নাটোরের নলডাঙ্গায় সুগারমিলের ট্রলি ও ইটভাটা মাটির ট্রলির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত শরিফুল ইসলাম শরিফ কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের সহকারী স্বাস্থ্য কর্মী। রবিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার ছাতনী মতিন হাজির ইটভাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, শরিফুল ইসলাম ও আখতারুজ্জামান অফিসিয়াল কাজে মোটরসাইকেল যোগে নলডাঙ্গা থেকে নাটোর শহরে যাচ্ছিলেন। সদর উপজেলার ছাতনী মতিন হাজির ইটভাটা এলাকায় পৌঁছালে বিপরিতমুখী একটি সুগারমিলের ট্রলি ও ইটভাটার মাটি বোঝাই ট্রলির চাপা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুইজনই ছিটকে পড়ে। স্থানীয়রা দুইজনকে নাটোর সদর হাসপাতালে নিলে চিকিত্সক শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন এবং আহত আখতারুজামান রেন্টুকে হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। এঘটনায় ট্রলি দুইটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।
নেত্রকোনা: নেত্রকোনার সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের গদাইকান্দি নামক স্থানে রবিবার সকাল সাড়ে ৭টার দিকে বাসচাপায় সিএনজি যাত্রী তানিয়া আক্তার ও তার ছেলে মোমেন নিহত হয়েছেন। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম জানান, নেত্রকোনার আটপাড়া উপজেলার সোনাজুড় গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী তানিয়া আক্তার তার সন্তানদের নিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে নেত্রকোনা থেকে সিএনজিযোগে আটপাড়ার সোনাজুর যাচ্ছিলেন। সিএনজিটি সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের গদাইকান্দি নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তানিয়া ও মোমেন মারা যান। দুর্ঘটনায় তানিয়ার মেয়ে হাবিবা আক্তারসহ আরো দুইজন গুরুতর আহত হন। গুরুতর আহত হাবিবা আক্তারকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও): পীরগঞ্জে মাহেন্দ্র ট্রাক্ট ও মোটরসাইকেলের ধাক্কায় মুনসুর আলম দুলাল নামে এক সাবেক সেনাসদস্য নিহত হয়েছেন। তিনি উপজেলার বাদ লোহালি গ্রামের মৃত কলিমউদ্দিনের ছেলে। শনিবার রাত ৯টার দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে পীরগঞ্জে যাওয়ার পথে পৌর শহরের জেডি ফিলিং স্টেশনের কাছে রাণীশংকৈল থেকে পীরগঞ্জগামী মাহেন্দ্র ট্রাক্ট তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। গুরুতর আহত মুনসুরকে পীরগঞ্জ হাসপাতালে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পীরগঞ্জ থানার ওসি বজরুল রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ): গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। রবিবার সকাল পৌনে ৮টার দিকে গোমস্তাপুর-চাঁপাই সড়কের হোগলা নেজু স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার আনারুলের ছেলে ইব্রাহিম (৬)। গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দিন জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে রহনপুরগামী একটি বাস রাস্তা পারাপারের সময় শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পুলিশ ঘাতক বাস ও চালক নাচোল উপজেলার মলি্লকপুরের তসলিম আলীর ছেলে রবিউল ইসলামকে আটক করেছে। এ ঘটনায় নিহত শিশুর বাবা বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি হত্যা মামলা করেছে।