শেখ রাসেলের ভেন্যু সিলেটে

স্পোর্টস রিপোর্টার

শেষ পর্যন্ত শেখ রাসেল ক্রীড়া চক্র লিগের ভেন্যু পেতে যাচ্ছে সিলেটে। গতকাল বিকালে বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনের সঙ্গে বৈঠক হয়েছে শেখ রাসেল কর্মকর্তাদের সঙ্গে। আশ্বাস পেয়েছেন সিলেটে লিগের ভেন্যু পাচ্ছে শেখ রাসেল ক্রীড়া চক্র। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন বাফুফের সভাপতির সঙ্গে বৈঠক শেষ হয়েছে। আমরা বলতে পারি শেখ রাসেলের জন্য লিগের ভেন্যু সিলেট। আমাদের ভেন্যু হয়ে গেল এখন ৮টি। বৈঠকে শেখ রাসেলের কর্মকর্তা ইসমত জামিল আকন্দ লাভলু, সালেহ জামান সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রিমিয়ার ফুটবল লিগের অন্য ভেন্যুগুলো হচ্ছে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে। খেলবে লিগ চ্যাম্পিয়ন আবাহনী, বড় দল মোহামেডান এবং ব্রাদার্স ইউনিয়ন। গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ, নোয়াখালীতে নোফেল ও বিজেএমসি, চট্টগ্রামে খেলবে চট্টগ্রাম আবাহনী, ময়মনসিংহে সাইফ স্পোর্টিং ক্লাব ও আরামবাগ ক্রীড়া সংঘ, নীলফামারীতে বসুন্ধরা কিংস, ফরিদপুরে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেষ ভেন্যু যোগ হলো সিলেট।

৩০ নভেম্বর ঢাকায় প্রিমিয়ার ফুটবল লিগের উদ্বোধন হওয়ার কথা রয়েছে। আজ খসরা ফিকশ্চার পাঠানো হবে ক্লাবগুলোতে। খসড়া অনুমোদন হয়ে গেলে চূড়ান্ত ফিকশ্চার ঘোষণা করা হবে। ঢাকা এবং ঢাকার একাধিক ভেন্যুতে এক সঙ্গে খেলা শুরু হতে পারে।

এবার লিগের খেলা হবে সরকারি ছুটির দিনে। শুক্র এবং শনিবার দুই দিন খেলা হবে। কোনো কারণে যদি খেলা না হয় তাহলে রিজার্ভ ডে থাকছে রবিবার। সেদিন খেলা হবে। একটি দেশের ঘরোয়া ফুটবলের আসরে নতুন সংযোজন। ছুটির দিনে খেলা হলে দর্শক মাঠে আসতে পারে সহজে। এ কারণে এই দুটি দিনকে বেছে নিয়েছে লিগ কমিটি। তারা মনে করছে ভালো সাড়া পাওয়া যাবে। রাজধানীর বাইরের শহরগুলোতে এমনিতেই দর্শক উপচে পড়ে মাঠে। আশঙ্কা হচ্ছে রাজধানী নিয়ে। ঢাকায় ঘরোয়া ফুটবল কিংবা ক্রিকেটে দর্শক সাড়া কম। ফুটবলে একটু বেশি হলে তা প্রত্যাশার চেয়ে অনেক কম। তারপরও বাফুফের লিগ কমিটি মনে করছে এবার চিত্র বদলাবে। শীত মৌসুম বলে গরমের কষ্ট হতে পরিত্রাণ পাবে ফুটবল দর্শক। তাতে আগ্রহটাও বাড়বে।