ফুলবাড়ীয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ২৭

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের তিনটি গ্রামে পাগলা কুকুরের কামড়ে অন্তত ২৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে নারী-পুরুষ ও শিশুরাও রয়েছে। আহতদের ময়মনসিংহ এসকে হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনটি গ্রামে ‘পাগল কুকুর’ এ তাণ্ডব চালায়। পরে পলাশতলী গ্রামের জলপাইতলা মেদারপাড়ের গ্রামবাসীরা একত্রিত হয়ে কুকরটিকে মেরে ফেলে।

স্থানীয় সেলিম মিয়া জানান, তিনটি গ্রামে কুকুরের তাণ্ডবে মানুষ ও গরু-ছাগল আহত হয়। এর মধ্যে পলাশতলীতে ১৭, ধুরধুরিয়া ৭ এবং রঘুনাথপুর গ্রামে তিনজন রয়েছে। এছাড়াও বেশকিছু গরু-ছাগলকেও কামড়িয়েছে কুকুর। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিত্সক মোঃ নজরুল ইসলাম বলেন, শুনেছি অনেককে কামড়িয়েছে। তবে হাসপাতালে পাঁচ-ছয়জনকে ইনজেকশন দেওয়া হয়েছে।