গোমস্তাপুরে অর্থের বিনিময়ে সরকারি বই বিতরণের অভিযোগ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

গোমস্তাপুরে ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন শিক্ষাবর্ষের সরকারি বই বিতরণে অর্থ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের অভিভাবকের করা লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রাধানগর এএনসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের নতুন সরকারি বই বিনামূল্যে বিতরণের কথা থাকলেও ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৪০০ টাকা এছাড়াও অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৫০০ টাকা করে অর্থের বিনিময়ে নতুন সরকারি বই সরবরাহ করেছে স্কুল কর্তৃপক্ষ। অর্থ না দিলে অনেক শিক্ষার্থীকে নতুন বছরে নতুন সরকারি বই দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

অভিভাবকদের অভিযোগ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হান জানান, তিনি বিষয়টি অবহিত হয়ে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আবদুল হামিদকে বই না পাওয়া শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বই পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগমকে বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান আবদুল হামিদ জানান, অভিভাবকরা যে অভিযোগ করেছে তা সত্য নয়। শুধুমাত্র শিক্ষার্থীদের কাছে সেশন চার্জ বাবদ এ অর্থ নেওয়া হচ্ছে। নতুন সরকারি বই বিতরণের জন্য কোনো অর্থ নেওয়া হয়নি।