কুষ্টিয়ায় লাইব্রেরি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার উদ্বোধন 

কুষ্টিয়ায় মেগাটেক ক্যারিয়ার ডেভলপমেন্ট ফাউন্ডেশনের নিজস্ব লাইব্রেরি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি (ডেভলপমেন্ট) এএসএম, মুক্তারুজ্জামান প্রধান অতিথি হিসাবে লাইব্রেরি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। 

প্রধান অতিথি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য হিসাবে গড়ে তুলতে ২০১৭ সালে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর তা চালু করা হয়। এখানে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্বল্প শিক্ষিতরা জ্ঞান চর্চা ও তথ্য-প্রযুক্তিতে দক্ষতা অর্জনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি জ্ঞানভিত্তিক  সমাজ গঠনে অবদান রাখতে পারবে। সমাজ এগিয়ে যাচ্ছে, তাই প্রতিযোগিতার এ সময়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের পাশাপাশি সকল শিক্ষার্থীকে তথ্য-প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনের কোন বিকল্প নেই। মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন এবং সাফল্যের শীর্ষে পৌঁছানো সম্ভব। তাই জ্ঞানার্জনের উপর তিনি অধিক গুরুত্বারোপ করেন। পরে তিনি ১০টি কম্পিউটার সম্বলিত শীতাতপ নিয়ন্ত্রিত কম্পিউটার প্রশিক্ষণ ল্যাবরেটোরি ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য একাডেমিক বইসহ পাঁচ হাজার বইয়ের সুসজ্জিত লাইব্রেরী উদ্বোধন করেন। উল্লেখ্য, ২০১৭ সালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার অন্তর্গত পোড়াদহ এলাকায় মেগাটেক ক্যারিয়ার ডেভলপমেন্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে আইটি এন্ড কম্পিউটার ট্রেনিং, লাইব্রেরী স্থাপন, গরীব ছাত্র-ছাত্রীদের মেডিকেল কলেজ ও বিশ^বিদ্যালয়ে ভর্তি সহয়তা, হত-দরিদ্রদের চিকিৎসা ও স্বাস্থ্য সেবা এবং মেধাবীদের বৃত্তি প্রদানসহ মানব উন্নয়ন,দক্ষতা বৃদ্ধি ও জনকল্যানমুখী  নানা কার্যক্রম পরিচালনা করে আসেছ। 

মেগাটেক ক্যারিয়ার ফাউন্ডেশনের হলরুমে প্রতিষ্ঠানের চেয়ারম্যান সোনিয়া সুলতানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ভাইস চেয়ারম্যান মাসুদ রানা রাজু, নির্বাহী পরিচালক তানিয়া সুলতানা, পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুন নাহার, বালিকা বিদ্যালেয়র প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, সাবেক ইউপি চেয়ারম্যান মোতালেব হোসেন, মুক্তিযোদ্ধা মোর্শারফ হোসেন, হাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

ইত্তেফাক/এএম