কাঁঠালবাড়ীঘাটে কর্মস্থলগামী যাত্রীদের ভিড়

ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে ঈদে বাড়ি আসা মানুষ। মঙ্গলবার (৪আগস্ট) দুপুরের পর কাঁঠালবাড়ী ঘাটে কর্মস্থলগামী যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। 

কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে মঙ্গলবার সকাল থেকেই ঢাকামুখী যাত্রীদের চাপ রয়েছে। কর্মস্থল রাজধানীসহ বিভিন্ন স্থানে যেতে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। এদিকে সকালে বৈরী আবহাওয়ার কারণে কিছু সময় কাঁঠালবাড়ী ঘাটে বন্ধ ছিল লঞ্চ ও স্পিডবোট চলাচল। কিন্তু ফেরি চলাচল স্বাভাবিক ছিল। পরে দুপুর ১২টার দিকে বৈরী আবহাওয়া কেটে গেলে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়। তবে বৃষ্টি হওয়ায় দীর্ঘসময় স্পিডবোটে যাত্রী চলাচল বন্ধ ছিল। এতে করে ফেরিঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় সৃষ্টি হয়। প্রতিবারের ন্যায় এ ঈদেও যাত্রী নিরাপত্তা নিশ্চিতে ঘাট এলাকায় পুলিশ, র‌্যাব, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। বিআইডব্লিউটিএর একাধিক টিম ঘাটে অবস্থান করছে।

ঢাকাগামী এক যাত্রী রোজিনা বেগমের সাথে আলাপ হলে তিনি জানান, ঈদের ছুটি শেষ হয়েছে। ঢাকায় গিয়ে কাজে যোগ দিতে হবে। যদিও বাড়িতে এলে তাড়াতাড়ি ফিরতে ইচ্ছা করে না। কিন্তু কিছুই করার নেই। জীবিকা অর্জনের জন্য নির্ধারিত সময়েই ছুটে যেতে হয় কর্মস্থলে।

আরেক যাত্রী রফিকের সাথে আলাপ হলে তিনি জানান, আবহাওয়া খারাপ হলেই লঞ্চ চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এটা ভালো দিক। আজকেও বন্ধ ছিল কিছুক্ষণ। ঘাটে অপেক্ষা করতে হয়েছে।

আরও পড়ুন: মানিকগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘প্রতিটি লঞ্চ ধারণক্ষমতা অনুযায়ী যাত্রী নিয়ে কাঁঠালবাড়ী ঘাট ছেড়ে যাচ্ছে। দুপুরের পরে যাত্রীদের চাপ একটু বেড়েছে। প্রতিটি নৌযান ও যানবাহনে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে। কোন অবস্থাতেই লঞ্চে অতিরিক্ত যাত্রী উঠতে দেয়া হচ্ছে না।’

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন, ‘সকাল থেকে রো রোসহ সাতটি ফেরি চলাচল করছে। ঘাট এলাকায় গাড়ির চাপ রয়েছে।’

ইত্তেফাক/এএএম