বেড়া (পাবনা) সংবাদদাতা
বেড়া উপজেলার চাকলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য গোলজার হোসেনের বিরুদ্ধে সরকারি জায়গা থেকে ইউক্যালিপটাস গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে তার বিরুদ্ধে বেড়া মডেল থানায় একটি মামলা হয়েছে। বেড়া উপজেলা বন বিভাগের পক্ষ থেকে বৃহস্পতিবার বেড়া থানায় মামলাটি করা হয়।
থানা সূত্রে জানা যায়, চাকলা ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য গোলজার সম্প্রতি বনবিভাগের মূল্যবান দুটি ইউক্যালিপটাস গাছ কেটে বিক্রি করে দেন। খবর পেয়ে বনবিভাগের লোকজন বিক্রি হওয়া গাছগুলো উদ্ধার করে। সেগুলো বর্তমানে চাকলা ইউপি ভবন চত্বরে রাখা আছে। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলাটি তদন্ত করা হচ্ছে। ইউপি সদস্য গোলজার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ঐ গাছগুলো আমিই আমার জায়গায় লাগিয়েছিলাম। আমি সরকারি জায়গা থেকে গাছ কাটিনি।