মধ্যপাড়ায় পাথর উত্তোলনকালে খনি শ্রমিক নিহত

ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা

দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী মধ্যপাড়া পাখরখনির ভূগর্ভে পাথর উত্তোলনকালে গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় পাথরচাপা পড়ে মোস্তাফিজুর রহমান (২৯) নামের এক খনি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

নিহত খনি শ্রমিক মোস্তাফিজুর রহমান পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত একরামুল হকের ছেলে এবং খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রাস্ট কনসোর্টিয়ামের অধীনে কর্মরত ছিলেন।

খনি সূত্রে জানা যায়, খনি শ্রমিক মোস্তাফিজুর রহমান গত শনিবার দ্বিতীয় শিফটে খনির ভূগর্ভে পাথর উত্তোলন কাজ করার সময় ভূগর্ভের পাথরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। এতে সহকর্মীরা তাকে মুমূর্ষু অবস্থায় ভূগর্ভ থেকে উদ্ধার করে ভূপৃষ্ঠে নিয়ে আসেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে ঘোষণা করেন।

খনি শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক  মোঃ জাবেদ চৌধুরী বলেন, তদন্ত ছাড়া দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করার প্রক্রিয়া চলছে। তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে দুর্ঘটনার সঠিক কারণ জানা সম্ভব হবে।