বাগমারায় প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ কর্মী আহত

বাগমারা (রাজশাহী) সংবাদদাতা

পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার কসবা মহল্লার মমতাজ হোসেন (৩৫) নামের এক আওয়ামী লীগ কর্মী আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহত মমতাজ হোসেনকে উদ্ধার করে চিকিত্সার জন্য বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। মমতাজ হোসেন উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার কসবা মহল্লার আ’লীগ নেতা করিম বক্সের ছোট ভাই বলে জানা গেছে। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন মমতাজ হোসেন জানান, শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে তিনি বাজার করার জন্য বাড়ি থেকে বের হয়ে কসবা মোড়ে যান। কসবা মোড়ে পৌঁছামাত্রই প্রতিপক্ষ একই মহল্লার হাসান আলী দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। হাসানের হামলায় মমতাজ হোসেন মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন দেখতে পান এবং তাকে উদ্ধারের জন্য এগিয়ে আসেন। লোকজন এগিয়ে আসলে হাসান ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত আওয়ামী লীগ কর্মী মমতাজ হোসেনের বড় ভাই আওয়ামী লীগ নেতা করিম বক্স বলেন, পূর্ব পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করার জন্য ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। দলে নব্য আ’লীগ সেজে হাসান এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে। তিনি তার ভাইয়ের উপর হামলার সুষ্ঠু বিচার দাবি করেছেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, বিষয়টি তার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।