রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কাজী রবিউল হক

যশোরের বর্ষিয়ান রাজনীতিক ও সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা ডা. কাজী রবিউল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার বাদ জোহর যশোর ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা শেষে কারবালা কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে রবিবার সকাল ১১টায় তার মরদেহ জেলা উদীচী প্রাঙ্গণে আনা হলে যশোরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সংস্কৃতিকসহ সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। শনিবার দুপুরে ডা. কাজী রবিউল হক ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পরে বাদ এশা ঢাকার মোহম্মদপুর জাপান গার্ডেন সিটি মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। প্রয়াত ডা. রবিউল হকের ছেলে কাজী বর্ণ উত্তম জেলা আওয়ামী লীগ নেতা ও সিটি ক্যাবল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান।

জাফর আলী

মুক্তিযোদ্ধা জাফর আলী (৭৫) শনিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। গতকাল রবিবার গাংনীর চৌগাছা কেন্দ্রীয় গোরস্থানে গার্ড অফ অনার শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়েছে। গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল গার্ড অফ অনার প্রদান করেন। এসময় গাংনী থানার তদন্ত অফিসার সাজেদুল ইসলাম, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুন্তাজ আলী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সামসুল আলম সোনাসহ বিভিন্ন স্তরের মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন। জাফর আলী ৪ ছেলে, ১ মেয়ে রেখে যান।