নৌকা ডুবে চার শিক্ষার্থীসহ ২০ জনের মৃত্যু

দেশের বিভিন্ন স্থানে নৌকা দুর্ঘটনা ও পানিতে ডুবে ২০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রসহ চার শিক্ষার্থী রয়েছেন। মানিকগঞ্জের দৌলতপুরে গতকাল মঙ্গলবার বোনের বাড়ি বেড়াতে যাওয়ার পথে বিলের মধ্যে নৌকা ডুবির ঘটনায় এক পরিবারের পাঁচ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মানিকগঞ্জ ও দৌলতপুর: গতকাল দৌলতপুরে নৌকা ডুবির ঘটনায় মৃতরা হলেন— হনুফা (৩৭), তার বোনের মেয়ে রোকসানা (২৮), তার ভাই রিয়াজুল (১৩), হনুফার মেয়ে মিথিলা (১২) ও রোকসানার ছেলে শান্ত (১১)। এদের মধ্যে মিথিলা ও শান্তর মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি বলে জানান স্থানীয় ব্যবসায়ী আওলাদ হোসেন। মৃতদের বাড়ি উপজেলার জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা গ্রামে। বোনের বাড়ি যাওয়ার পথে ঝড়ে তাদের নৌকা ডুবে যায়।

বাসাইল (টাঙ্গাইল): বাসাইলে বিলে মাঝির শরীরে বিদ্যুতের তারে স্পর্শে নৌকা ডুবে মা ছেলেসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। কোরবানি ঈদের আগের দিন শুক্রবার উপজেলার কাউলজানী ইউনিয়নের গিলাবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন— গিলাবাড়ী গ্রামের নৌকার মাঝি তাইজ উদ্দিন (৫০), একই এলাকার মিঞ্জু মিয়ার স্ত্রী জমেলা বেগম (৬০) ও তার ছেলে হামিদুর রহমান রনো (৩৫), আতা মিয়ার ছেলের বউ (৩২), সখীপুর উপজেলার কৈয়ামধু গ্রামের হায়দার আলীর ছেলে শাহ আলম (২৫)।আদমদীঘি (বগুড়া): আদমদীঘি উপজেলার রক্তদহ বিলে গতকাল নৌকা ডুবে মারা গেছে মা ও ছেলে। সান্তাহার ইউপি সদস্য ফেরদৌস হোসেন জানান, ২০ জন নারী, পুরুষ ও শিশু নৌকায় করজবাড়ী গ্রামে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। বিলের মাঝামাঝি স্থানে পাটাতন (তলা) হঠাত্ ফেটে বিলের পানিতে ডুবে যায় নৌকাটি। এ সময় অন্যরা তীরে উঠলেও শহিদ হোসেনর স্ত্রী চাঁদনী বেগম (২৫) ও তার শিশু সন্তান সাদ (৫) বিলের পানিতে ডুবে মারা যান।

ছাতক (সুনামগঞ্জ): ছাতকে পাঁচ বন্ধু মিলে হাওরে বেড়াতে গিয়ে ডিঙি নৌকা ডুবিতে আকাশ আহমদ (১৯) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার চেচান গ্রামে সাদার হাওরে এ ঘটনা ঘটে। আকাশ দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের যুগিরগাঁও গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

আরও পড়ুন: লেবাননে জোড়া বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): রূপগঞ্জে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে রবিবার শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শফিকুল ইসলাম সোহেল (২২) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। তিনি রাজধানীর উত্তরা মডেল কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। রাজধানীর তুরাগের উত্তরা ১০ নং কামারপাড়া এলাকার হিরুল ইসলামের ছেলে সোহেলসহ চার সহপাঠী শ্যামলের বাড়ি উপজেলার দাউদপুরে বেড়াতে আসেন।

বেলাব (নরসিংদী): বেলাব উপজেলায় পানিতে ডুবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত রবিবার বিন্নাবাইদে বীরকান্দা গ্রামে ও নারায়নপুরের বটিবন্দ গ্রামে এ ঘটনা ঘটে। বিন্নাবাইদের বরদা বিলে নৌকা ডুবে মৃত্যু হয় জাকির হোসেন নামে এক মাদ্রাসা ছাত্রের। জাকির (২০) বীরকান্দা গ্রামের নুরুল আমিনের ছেলে ও বেলাব উপজেলার বাজনাব ইউনিয়নের সৈয়দপাঁড়া গ্রামের হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। অন্যদিকে বটিবন্দ গ্রামে ব্রহ্মপুত্র নদের শাখা নদে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় শরিফ খাঁন (২২) নামে এক ছাত্রের। শরিফ খাঁন বটিবন্দ গ্রামের বুলবুল খাঁনের ছেলে ও নর্দান ইউনিভার্সিটির ছাত্র।

কিশোরগঞ্জ: ইটনা উপজেলার ধনু নদে নৌকাডুবিতে নিখোঁজ হওয়ার একদিন পর গত সোমবার তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। এরা হলো— উপজেলার মাওরা গ্রামের মুখলেছ মিয়ার নববিবাহিত স্ত্রী সুমাইয়া (১৮), নৌকার মাঝি হাসান আলী (৭০) ও বরজু মিয়ার কন্যা হীরামণি (৫)। গত রবিবার বিকালে কুর্শি গ্রাম থেকে ঈদের দাওয়াত খেয়ে একটি ইঞ্জিনচালিত ছোট নৌকায় মাওরা গ্রামে ফেরার পথে প্রবল ঢেউয়ের আঘাতে নৌকাটি ডুবে যায়।

কেন্দুয়া (নেত্রকোনা): কেন্দুয়া উপজেলায় হাওরে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে হাসিবা আক্তার (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন এক ইউপি সদস্যসহ আরো পাঁচ জন। গতকাল উপজেলার নওপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের পাশে পুকুরিয়া হাওরে এ দুর্ঘটনা ঘটে। হাসিবা আক্তার ২০১৯ সালে এসএসসি পাশ করেন। তিনি ঢাকা ডেমরার সারুলিয়া এলাকার বাসিন্দা কবির উদ্দিনের মেয়ে।

ইত্তেফাক/এসি