মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের চিফ অব স্টাফ কেভিন সুইনি পদত্যাগ করেছেন। স্থানীয় সময় শনিবার রাতে এক বিবৃতিতে রিয়ার অ্যাডমিরাল সুইনি পদত্যাগের ঘোষণা দেন। এর এক মাস আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। খবর বিবিসি’র
সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণার পর পেন্টাগনের তৃতীয় শীর্ষ কর্মকর্তা কেভিন সুইনির পদত্যাগের ঘোষণায় ট্রাম্প প্রশাসনে নেতিবাচক পরিস্থিতির আশংকা দেখা দিয়েছে। গত বছরের পহেলা জানুয়ারি থেকে সুইনি তার পদে দায়িত্ব পালন করছিলেন। তিনি তার পদত্যাগপত্রে সহকর্মীদের প্রশংসা করলেও প্রেসিডেন্ট ট্রাম্পের বিষয়ে কিছু বলেননি। প্রতিরক্ষামন্ত্রীর আগামী মাসে বিদায় নেওয়ার কথা থাকলেও তিনি এর আগেই প্রশাসন ছেড়ে চলে যাচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার এবং তৃতীয় শীর্ষ কর্মকর্তার পদত্যাগের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনে একটা অনিশ্চয়তা তৈরি হবে। সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণার পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ডানা হোয়াইট এবং আইএসবিরোধী যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের মার্কিন দূত ব্রেট ম্যাকগার্ক পদত্যাগ করেছিলেন।