আহত ৫
বরিশাল অফিস
বরিশাল ঢাকা নৌ-রুটে যাত্রী বোঝাই এডভেঞ্চার-৯ ও সুন্দরবন-৬ লঞ্চের সংঘর্ষে একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। শনিবার গভীর রাত দেড়টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা লাগোয়া মেঘনা নদীতে এ দুর্ঘটনায় উভয় লঞ্চই ক্ষতিগ্রস্ত হয়। স্বজনদের সূত্রে জানা গেছে, নিহতের নাম সাকিব। ঢাকার কেরানীগঞ্জে সে দর্জি শ্রমিক হিসেবে কাজ করে। শনিবার রাতে সে বরিশাল লঞ্চঘাট থেকে এডভেঞ্চার-৯ লঞ্চে ওঠে ঢাকা যাওয়ার জন্য। মাঝ রাতে কুয়াশার কারণে চরে আটকে যায় লঞ্চটি। পেছন থেকে সুন্দরবন-৬ লঞ্চ এডভেঞ্চার-৯ লঞ্চকে ধাক্কা দিলে লঞ্চের একটি অংশ ভেঙ্গে সাকিবের মাথায় আঘাত লাগে। গুরুতর অবস্থায় তাকে এডভেঞ্চার কোম্পানির অপর লঞ্চ এডভেঞ্চার-১ এ করে বরিশালে নিয়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল রবিবার ভোরে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায়। তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের কয়েকজনকে একই হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে।
এডভেঞ্চার লঞ্চ কোম্পানির ম্যানেজার হুমায়ুন কবির জানান, সুন্দরবন কোম্পানির মালিকপক্ষ নিহতের পরিবারের সঙ্গে মিমাংসা করার চেষ্টা করছে। ক্ষতিগ্রস্ত এডভেঞ্চার-৯ লঞ্চটি মেরমত করা হচ্ছে, মেরামত শেষে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
এ ঘটনায় তদন্ত দল গঠনের নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিএ বরিশাল নৌ নিরাপত্তা ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ পরিচালক আজমল হুদা মিঠু সরকার এ কথা জানিয়েছেন। সেক্ষেত্রে তদন্ত প্রতিবেদন রিপোর্ট অনুযায়ী দোষীদের বিরুদ্ধে নৌ আদালতে মামলা দায়ের করা হবে।