একাদশ জাতীয় সংসদের রংপুর-৩ আসনের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে তার কার্যালয়ে গতকাল রবিবার বেলা ১২টার কিছু সময় পরে শপথ নেওয়ার পরপরই তিনি সরাসরি যান সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কক্ষে। সেখানে তিনি বিরোধীদলীয় নেতার চেয়ারে বসে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় এরশাদ বলেন, ‘আমি গর্বিত বিরোধী দলের চেয়ারে বসতে পেরে।’ তার সঙ্গে উপস্থিত থাকা জাপা মহাসচিব মশিউর রহমান রাঙ্গা হাসতে হাসতে বলেন, ‘স্যার, দীর্ঘ ২৭ বছর পর কোনো একজন পুরুষ বিরোধীদলীয় নেতা হলেন।’
এরশাদ সাংবাদিকদের বলেন, তিনি একাদশ সংসদে বিরোধী দলের নেতাকে ‘উপ-প্রধানমন্ত্রী’র মর্যাদা দেওয়ার প্রস্তাব তুলবেন। এ ছাড়া বিরোধী দলের চিফ হুইপের পদকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়ার এবং বিরোধী দল থেকে সংসদের ডেপুটি স্পিকার করার প্রস্তাব দেবেন বলেও জানান এরশাদ।
অসুস্থতার কারণে শনিবার দুপুরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন এরশাদ। সেখান থেকে তিনি গতকাল সরাসরি সংসদ ভবনে যান। সংসদ ভবনে পৌঁছে গাড়ি থেকে নেমে হুইল চেয়ারে করে লিফটে উঠে তিনি সরাসরি যান স্পিকারের কার্যালয়ে। সেখানে শপথ পড়ানোর আগে জাপার কো-চেয়ারম্যান জিএম কাদেরের সহযোগিতায় এরশাদ হুইল চেয়ার থেকে উঠে দাঁড়ান। এরপর স্পিকার তাকে শপথ পাঠ করান। এরশাদসহ জাপার মোট ২২ জন একাদশ সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদের নেতৃত্বে জাপার অপর ২১ জন এমপি বৃহস্পতিবার শপথ নিলেও অসুস্থতার কারণে সেদিন শপথ নিতে পারেননি এরশাদ। এরশাদের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএম কাদের, মশিউর রহমান রাঙ্গা, জাপার প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, ফখরুল ইমাম, ডা. রুস্তম আলী ফরাজী, মেজর (অব.) খালেদ আখতার ও ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, জাপার এমপি পীর ফজলুর রহমান মিসবাহ প্রমুখ।
প্রসঙ্গত, শুক্রবার এক বিবৃতিতে এরশাদ ঘোষণা দিয়ে জানান, একাদশ সংসদে জাপা প্রধান বিরোধী দল হবে, তিনি (এরশাদ) বিরোধীদলীয় নেতা ও জিএম কাদের বিরোধীদলীয় উপনেতার দায়িত্ব পালন করবেন। জাপার কোনো সংসদ সদস্য এবার সরকারের মন্ত্রিসভায় থাকবে না বলেও শুক্রবারের বিবৃতিতে জানিয়ে দেন এরশাদ।
এদিকে, এরশাদকে ছাড়া গতকাল স্পিকারের কাছে শপথ নিয়েছেন ঢাকা-১১ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য একেএম রহমতুল্লাহ। তাদের শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।
এরশাদের সিদ্ধান্ত দেশের জন্য মঙ্গল : হাজী মিলন
জাপার প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেছেন, জাপা সংসদে বিরোধী দলের ভূমিকা নেবে বলে দলের চেয়ারম্যান এইচএম এরশাদ যে সিদ্ধান্ত নিয়েছেন তা দল ও দেশের জন্য মঙ্গলজনক। একটি শক্তিশালী বিরোধী দল হলেই সরকারের যেসকল কাজ জনকল্যাণমুখী নয় এবং দেশবাসী লাভবান হবে না— সেগুলোর বিরোধিতা করা সম্ভব। আর সরকারের যেসকল কাজ কল্যাণমুখী হবে তাতে সরকারকে সহায়তা করবে জাপা। গতকাল রাজধানীর লালবাগের আমলীগোলায় থানা জাপার এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।