দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নদী ও সাগর উত্তাল থাকায় বুধবার সন্ধ্যায় হাতিয়া উপকূলীয় মেঘনায় দুইটি মাছ ধরা ট্রলার ডুবে যায়। এতে মাইন উদ্দিন (৬০) ও আনোয়ার হোসেন (৪০) নামে দুই জেলের লাশ এবং ২৪ জন জেলে কে জীবিত উদ্ধার করেছে স্থানীয় জেলেরা।
মৃত জেলে মাইন উদ্দিনের বাড়ি হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রামে এবং আনোয়ার হোসেনের বাড়ি হাতিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের চরকৈলাশ গ্রামে। হাতিয়া থানার ওসি মো. আবুল খায়ের ঘটনার সততা নিশ্চিত করেছেন।
এদিকে পূর্ণিমা ও লঘুচাপের কারণে প্রবল জোয়ারে নিঝুমদ্বীপ, বয়ারচর, নলেরচর, কেরিংচর, ঢালচর, সুখচর, চরঈশ্বর, তমরদ্দি, চরকিং, নলচিরা ও সোনাদিয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এ সব এলাকার ক্ষেতের ফসল ও পুকুরের মাছ ভেসে গেছে। অনেক কাঁচা ঘর বিধবস্ত হয়েছে। এছাড়া কয়েকটি স্থানে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় ওই সব এলাকার লোকজন মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
ইত্তেফাক/এএম