কুষ্টিয়া প্রতিনিধি
আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জের ধরে কুষ্টিয়া সদর উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন কর্মী নিহত হয়েছেন। নিহত ওই আওয়ামী লীগ কর্মীর নাম মঈনুদ্দিন (৬০)। গতকাল রবিবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ২৫ জনকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, পশ্চিম আব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান স্বপন মাস্টার গ্রুপের সঙ্গে একই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গ্রুপের দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে মোস্তফা গ্রুপের লোকজন স্থানীয় বাজারে মঈনুদ্দিনকে কুপিয়ে ফেলে রেখে নির্বিঘ্নে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিত্সক মঈনুদ্দিনকে মৃত ঘোষণা করেন। মঈনুদ্দিন স্বপন মাস্টার গ্রুপের সমর্থক। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতালের চিকিত্সক প্রাথমিকভাবে জানিয়েছেন। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইবি থানার ওসি রতন শেখ জানান, পুলিশ ২৫ জনকে আটক করেছে। এদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের খুব শীঘ্রই আইনের কাছে সোপর্দ করা হবে।