আড়াইহাজারে স্ত্রী উম্মেহানীকে (২৪) ফুচকার সাথে বিষ মিশিয়ে তা খাইয়ে হত্যার অভিযোগে স্বামী তুহিনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের ভুরভুরিয়ার টেক গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, ভুরভুরিয়ার টেক গ্রামের নুরুল ইসলামের ছেলে তুহিনের সঙ্গে ৫ বছর আগে মাধবদীর ছানাউল্লাহর মেয়ে উম্মেহানীর (২৩) বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও শাশুড়ী উম্মেহানীর কাছে মোটা অংকের টাকা যৌতুক দাবি করে তার উপর নির্যাতন চালিয়ে আসছিল। তাদের দুই সন্তান। সম্প্রতি তুহিন দ্বিতীয় বিয়ে করে। ৪ জানুয়ারি রাতে উম্মেহানী স্বামীর কাছে ফুচকা খাওয়ার বায়না করলে ফুচকার সাথে বিষ মিশিয়ে তাকে খেতে দেওয়া হয়। ফুচকা খেয়ে সে বিষক্রিয়ায় আক্রান্ত হলে তাকে আশেপাশের লোকজন নরসিংদী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ডাকাত গ্রেফতার
আড়াইহাজারে হাবিবুর রহমান হাবু (৩০) নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে পুলিশ শনিবার বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী এলাকা থেকে গ্রেফতার করেছে। সে ওই এলাকার মৃত আঃ মালেকের ছেলে। থানার এ এস আই আমিনুল ইসলাম জানান, আটক হাবুর বিরুদ্ধে বিরুদ্ধে ডাকাতি, মারামারির ঘটনায় গ্রেফতারি পরোয়ানাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিল।
মাদক ব্যবসায়ী গ্রেফতার
আড়াইহাজারে শীর্ষ মাদক ব্যবসায়ী আলমগীর হোসেনকে (২৫ ) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে। আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, আলমগীর দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল। সে এলাকায় একটি প্রভাবশালী মহলের আশ্রয়ে মাদক ব্যবসায়ে বেপরোয়া হয়ে ওঠে। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।