ফতুল্লার এক দিনমজুরের শিশুকন্যাকে বেড়াতে যাবার প্রলোভন দেখিয়ে কুমিল্লার দাউদকান্দি এলাকায় নিয়ে ধর্ষণ করেছে নূর ইসলাম গাজী (৩৪) নামে এক কবিরাজ। শনিবার বিকেলে নূর ইসলামকে দাউদকান্দি থেকে গ্রেফতার ও শিশুটিকে উদ্ধার করে ফতুল্লা থানা পুলিশ। নূর ইসলাম পটুয়াখালী জেলা সদরের বোহালগাছিয়া গ্রামের চাঁন মিয়া গাজীর ছেলে। সে ফতুল্লার শিহাচর তক্কারমাঠ এলাকার খবিরের বাড়িতে ভাড়া থেকে তাবিজ-কবজ বিক্রি করতো। ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, নূর ইসলাম গাজী গত ৩১ ডিসেম্বর বিকেলে একই বাড়ির ভাড়াটিয়া একজন দিন মজুরের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিশুকন্যাকে বাড়ির আশপাশে বেড়ানোর কথা বলে প্রথমে পটুয়াখালীতে এবং পরে সেখান থেকে তাকে কুমিল্লার দাউদকান্দি এলাকার একটি ব্রিক ফিল্ডে নিয়ে যায়। সেখানে শ্রমিকদের ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে কবিরাজ নূর ইসলাম। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয় এবং শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।