প্রায় ২১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার কমিশনের নিয়মিত বৈঠকে এ মামলার অনুমোদন দেওয়া হয়। আজ দুদকের সহকারী পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করবেন বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।
দুদক জানায়, আফরোজা আব্বাসের দুদকে দাখিলকৃত বিবরণীতে ২০ কোটি ৭৬ লাখ ৯২ হাজার ৩৩৬ টাকার সম্পদের হিসাব পাওয়া যায়। এসব অর্থ অর্জনের স্বপক্ষে যৌক্তিক কোনো রেকর্ডপত্র অনুসন্ধানকালে তিনি দেখাতে পারেননি। এ ছাড়া তিনি আয়কর নথিতে নিজেকে একজন হস্তশিল্প ব্যবসায়ী হিসেবে উল্লেখ করলেও তার পাসপোর্ট অনুযায়ী তিনি একজন গৃহিণী ও নিজের আয়ের কোনো বৈধ উত্স নেই।
দুদকের অনুসন্ধানে অবৈধ পন্থায় অর্জিত সম্পদের অবৈধ পন্থায় হস্তান্তর, রূপান্তর, অবস্থান গোপন করায় দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০০২ এর ১৩ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে প্রমাণিত হয়েছে।