ফের ভেস্তে গেল আলোচনা

মার্কিন সরকারের অচলাবস্থা দূর করতে ডেমোক্র্যাটরা নতুন প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছেন। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, আগামী সপ্তাহে তারা নতুন একটি প্রস্তাব পাস করবেন। শনিবার ট্রাম্প প্রশাসনের সঙ্গে ডেমোক্র্যাট নেতাদের একটি বৈঠক হয়। প্রশাসনের পক্ষে নেতৃত্ব দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। ভাইস প্রেসিডেন্ট আলোচনাকে ফলপ্রসূ বললেও একজন সহযোগী জানিয়েছেন, সমঝোতার বিষয়ে তেমন গুরুত্বপূর্ণ কোনো আলোচনা হয়নি। স্থানীয় সময় রবিবার উভয় পক্ষ আবারো বৈঠকে বসার ব্যাপারে সম্মতি জানিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি দেয়াল নিয়ে কোনো সমঝোতা করবেন না। তবে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মিক মুলভ্যানি জানিয়েছেন, ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতা হতে পারে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মানে জরুরি অবস্থা জারি করতে পারেন বলে প্রশাসনের একটি সূত্র জানিয়েছে।  -রয়টার্স ও আল-জাজিরা