জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মাদারীপুরের শিবচরে আলোচনা সভা ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা সভা ও ৬ জন দুস্থ নারীর মাঝে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
শিবচর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএম আতাউর রহমান।
আরও পড়ুন: ওয়ালটনের আইপিও আবেদন শুরু রবিবার
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার। এর আগে শিবচরে শেখ ফজিলাতুননেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে স্থাপিত বঙ্গমাতার প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মহিলা লীগ ও শেখ ফজিলাতুননেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ পুষ্পমাল্য অর্পণ করেন।
এ সময় শিবচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল লতিফ মোল্যা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন তোতা খান, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
এছাড়াও মাদারীপুর সদর, রাজৈর ও কালকিনি উপজেলায় বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
ইত্তেফাক/এএএম