মুন্সীগঞ্জের গজারিয়ায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। নিহেতর নাম মো. রিফাত দেওয়ান (১৮)।
জানা গেছে, রবিবার রাত ১০টায় নিজ বাড়ির পাশে চাচাত মামা মো. শিশির দেওয়ানের (২০) সঙ্গে ব্যাডমিন্টন খেলছিলেন। এ সময় হার-জিৎ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচাতো মামা শিশির দেওয়ান, রিফাতের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। লোকজন এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক শিশির দেওয়ান একই এলাকার মো. সেলিম দেওয়ানের ছেলে। নিহত রিফাত গজারিয়া উপজেলার পুরাচক বাউশিয়ার মো. কামরুল ইসলাম দেওয়ানের ছেলে এবং ঢাকা যাত্রাবাড়ী দনিয়া কলেজের ১ম বর্ষের ছাত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, ‘একটি অভিযোগ পেয়েছি এবং তথ্যটি পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে ধরার জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে’।
আরও পড়ুন: কেটে গেল ফেলানী হত্যার ৮ বছর, কাঙ্খিত বিচার পায়নি পরিবার
ইত্তেফাক/জেডএইচডি/এমআই