পীরগঞ্জে মাহেন্দ্রের চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

রংপুরের পীরগঞ্জে মাহেন্দ্রের চাকায় পিষ্ট হয়ে সামিউল নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলার লালদিঘী-বালুয়াহাট সড়কের কিশোরগাড়ী গ্রামের কালা পীরের মাজার নামক স্থানে এ ঘটনা ঘটেছে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার সোনাকান্দর গ্রামের রিক্সাচালক মোতাল্লেব হোসেনের স্কুল পড়ুয়া ছেলে সামিউল ইসলাম পারিবারিক অভাবের কারণে কিছুদিন যাবৎ স্থানীয় এক ইটভাটার মাটি বহনকারী মাহেন্দ্রের শ্রমিক হিসেবে কাজ করতো। গতকাল ঘটনার সময় তার মাহেন্দ্র ভর্তি মাটি নিয়ে ইটভাটায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা অপর একটি মাহেন্দ্রের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সামিউল মাহেন্দ্রের নিচে চাপা পড়ে প্রাণ হারায়।

আরও পড়ুনঃ এনায়েতপুরে নসিমন চাপায় বৃদ্ধা নিহত

সামিউল পার্শ্ববর্তী মকিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক মাহেন্দ্রের চালক পলাতক। 

ইত্তেফাক/নূহু